
খাল পরিষ্কারের কাজে নেমে কাদায় আটকে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। পরে পাশে থাকা স্বেচ্ছাসেবীরা তাকে টেনে উদ্ধার করেন। তবে এতেও দমে যাননি তিনি। কিছুক্ষণ পর আবারও নেমে পড়েন ময়লা-আবর্জনায় ভরা খাল পরিষ্কারের কাজে। একজন সরকারি কর্মকর্তার এমন ব্যতিক্রমী উদ্যোগে উৎসাহিত হন সঙ্গে থাকা স্বেচ্ছাসেবীরাও।
বরিশালের উজিরপুর উপজেলা পরিষদসংলগ্ন দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা একটি খাল পরিষ্কারে এমন দৃশ্যের দেখা মিলেছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে খালটি কচুরিপানা, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ নানা বর্জ্যে ভরে ছিল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। ছড়াচ্ছিল দুর্গন্ধ, ভোগান্তিতে পড়ছিলেন আশপাশের বাসিন্দারা।
অবশেষে সেই খালকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ খালটিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরিশালের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ইউএনও মো. আলী সুজাসহ শতাধিক স্বেচ্ছাসেবী, স্থানীয় তরুণ-তরুণী ও যুবসমাজের সদস্যরা অংশ নেন।
পাঁচ ঘণ্টার স্বেচ্ছাশ্রমে খাল থেকে অপসারণ করা হয় দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ বিভিন্ন ধরনের বর্জ্য। এতে ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে খালটির স্বাভাবিক রূপ।
তবে পরিচ্ছন্নতা অভিযানে সবচেয়ে বেশি নজর কাড়েন ইউএনও মো. আলী সুজা। বিডি ক্লিনের টি-শার্ট পরে অন্য স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিজেই খালে নেমে ময়লা পরিষ্কারের কাজে অংশ নেন তিনি। একপর্যায়ে কাদায় আটকে গেলে স্বেচ্ছাসেবীরা তাকে টেনে ওপরে তুলে আনেন। কিন্তু তাতেও থেমে থাকেননি ইউএনও। আবারও কাজে যোগ দিয়ে স্বেচ্ছাসেবীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খাল পরিষ্কার করেন।
ইউএনওর কাদায় আটকে যাওয়া এবং স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় উঠে আবার কাজে যোগ দেওয়ার দৃশ্যের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে অনেকেই তার উদ্যোগের প্রশংসা করছেন। একজন সরকারি কর্মকর্তার এমন সরাসরি অংশগ্রহণকে দায়িত্ববোধ, মানবিকতা ও জনসম্পৃক্ত নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন তারা।
বিডি ক্লিনের বিভাগীয় সমন্বয়ক জাহেদ ইরফান বলেন, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার আহ্বানে দীর্ঘদিনের অপরিচ্ছন্ন খালটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতা এবং স্থানীয় তরুণ-তরুণীসহ শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। বিশেষ করে ইউএনও নিজে স্বেচ্ছাসেবীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করায় সবাই আরও বেশি উৎসাহিত হয়েছেন।
ইউএনও মো. আলী সুজা বলেন, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ খালের আশপাশের বাসিন্দাদের ফেলে দেওয়া নানা ধরনের বর্জ্যে খালটির স্বাভাবিক পানিপ্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে সম্মিলিত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সমাজের অনেক সমস্যার সমাধান করা সম্ভব। এই পরিচ্ছন্নতা অভিযান তারই একটি উদাহরণ।
তিনি আরও বলেন, তরুণ-তরুণী ও যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা অত্যন্ত জরুরি। অবসর সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা না গেলে অনেকেই নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। তাই পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। এর মাধ্যমে তরুণ প্রজন্ম মাদকাসক্তি, মোবাইলের অপব্যবহারসহ নানা নেতিবাচক প্রবণতা থেকে দূরে থেকে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারবে।
বরিশাল প্রতিনিধি 


















