
সনাতন পদ্ধতির খামার ব্যবস্থাপনা ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালনের দিকে ঝুঁকছেন নওগাঁর খামারিরা। এখন মোবাইল ফোনের একটি অ্যাপের মাধ্যমেই দূর থেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে গরুর খামারের পরিবেশ। তাপমাত্রা, আর্দ্রতা এমনকি ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাসের মাত্রাও মুহূর্তেই জানা যাচ্ছে। ‘ইন্টারনেট অব থিংস’ (আইওটি) প্রযুক্তির ব্যবহারে সহজ হচ্ছে খামার পরিচালনা, কমছে শ্রম ও সময়ের অপচয়। পাশাপাশি গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হওয়ায় কমছে আর্থিক ক্ষতির ঝুঁকি।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৌসুমী’র বাস্তবায়নে নওগাঁ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের তরুণ খামারি নূরে আলমের খামারে চালু করা হয়েছে এই আধুনিক প্রযুক্তি।
খামারটিতে প্রচলিত ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে স্মার্ট সেন্সর। এসব সেন্সরের মাধ্যমে ২৪ ঘণ্টা খামারের অভ্যন্তরীণ তাপমাত্রা, আর্দ্রতা ও ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাসের মাত্রা পর্যবেক্ষণ করা হচ্ছে। সংগৃহীত তথ্য তাৎক্ষণিকভাবে পৌঁছে যাচ্ছে খামারির মোবাইল ফোনের অ্যাপ কিংবা মনিটরিং ড্যাশবোর্ডে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গবাদিপশুর স্বাভাবিক বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে খামারের পরিবেশ অনুকূলে রাখা অত্যন্ত জরুরি। অতিরিক্ত গরমে গরু হিট স্ট্রেসে আক্রান্ত হতে পারে। এতে পশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি রোগবালাইয়ের ঝুঁকি বাড়ে। অন্যদিকে গ্রামাঞ্চলে দক্ষ খামার শ্রমিকের সংকটও রয়েছে। এসব সমস্যা মোকাবিলায় আইওটি প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখছে।
খামারের তাপমাত্রা বা আর্দ্রতায় অস্বাভাবিক পরিবর্তন ঘটলে কিংবা অ্যামোনিয়া গ্যাসের মাত্রা বেড়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে খামারির মোবাইল ফোনে সতর্কবার্তা চলে আসে। শুধু তা-ই নয়, অ্যাপের মাধ্যমে দূরে অবস্থান করেও খামারের ফ্যান, ব্লোয়ার, লাইট, স্প্রিংকলার ও এক্সহস্ট ফ্যান চালু কিংবা বন্ধ করা যায়। ফলে খামারের পরিবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।
মোবাইলেই মিলছে খামারের সব তথ্য
প্রযুক্তির সুফল তুলে ধরে খামারি নূরে আলম বলেন, ‘আগে আবহাওয়া খারাপ হলে বা অতিরিক্ত গরমে গরু অসুস্থ হয়ে পড়ত। খামারে গ্যাস জমেছে কি না, তা বোঝাও কঠিন ছিল। এখন সেন্সরের মাধ্যমে মোবাইল ফোনের অ্যাপেই সব তথ্য পেয়ে যাই। দূরে থাকলেও মোবাইল থেকে ফ্যান বা স্প্রিংকলার চালু করতে পারি। এতে শ্রমিকের ওপর নির্ভরতা কমেছে। পাশাপাশি গবাদিপশুর রোগবালাই কমে উৎপাদনও বেড়েছে।’
স্থানীয় আরেক খামারি একরামুল হক বলেন, ‘হাতে গোনা কয়েকজন শ্রমিক দিয়ে খামার পরিচালনা করা এবং গরুর সুস্বাস্থ্য বজায় রাখা সব সময়ই কঠিন ছিল। এখন দেখছি, মোবাইলের অ্যাপ দিয়েই খামারের ফ্যান ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাচ্ছে। বিষয়টি সত্যিই অবাক করার মতো। আমাদের মতো প্রান্তিক খামারিদের খামারে এ ধরনের প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে লোকসানের ঝুঁকি অনেকটাই কমে আসবে।’
উন্নয়ন সংস্থা মৌসুমীর প্রাণিসম্পদ কর্মকর্তা নূর হোসেন বলেন, গরুর খামারে আইওটি প্রযুক্তির ব্যবহার পশুপালনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। প্রচলিত খামার ব্যবস্থাপনায় হিট স্ট্রেস ও অতিরিক্ত আর্দ্রতার কারণে পশুর বৃদ্ধি ব্যাহত হতো, যা খামারিদের বড় ধরনের ঝুঁকিতে ফেলত। গোবিন্দপুরের খামারি নূরে আলম এখন অন্যদের জন্য একটি দৃষ্টান্ত। পিকেএসএফের সহযোগিতায় বাস্তবায়িত এ উদ্যোগ প্রমাণ করে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে খামারের ঝুঁকি কমিয়ে পশুপালনকে আরও লাভজনক করা সম্ভব।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, গবাদিপশু পালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। প্রচলিত পদ্ধতিতে তাপমাত্রার পরিবর্তন ও হিট স্ট্রেসের কারণে খামারিরা প্রায়ই বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। নওগাঁর গোবিন্দপুর গ্রামের এই খামারে আইওটি প্রযুক্তির প্রয়োগ ডেইরি খাতকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে। প্রাণিসম্পদ অধিদপ্তর এ ধরনের প্রযুক্তিনির্ভর খামারকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ দিতে প্রস্তুত রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, কৃষি ও প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি খামার ব্যবস্থাপনায় আসবে বড় ধরনের পরিবর্তন। নওগাঁর গোবিন্দপুরের এই উদ্যোগ হতে পারে দেশের প্রান্তিক খামারিদের জন্য আধুনিক পশুপালনের একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
নিজস্ব প্রতিবেদক নওগাঁ 


















