
রংপুরের গঙ্গাচড়া সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে কলেজের প্রধান ফটকের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে গঙ্গাচড়া সরকারি কলেজের মূল ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন যশোরের মনিরামপুর উপজেলার মনিরামপুর এলাকার রাকিবুজ্জামান রাকিব, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকার আসয়োত মুবিন স্বরূপ, গঙ্গাচড়া উপজেলার পূর্ব মধ্যপাড়া এলাকার আলী মোহাম্মদ শাহরিয়ার হৃদয় এবং রংপুর নগরের পাগলাপীর মহাদেবপুর এলাকার নাহিদ হোসেন। আটক ব্যক্তিদের মধ্যে শাহরিয়ার হৃদয় উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আশেকুজ্জামান লিটনের ছেলে।
গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 

















