
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আত্রাইয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের অডিটোরিয়াম রুমে কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সালাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজু মৃধার সঞ্চালনায় এবং সভাপতি রিফাত হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিহাদসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ ছাত্রছাত্রীরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ সালাহ উদ্দিন বলেন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের তরুণ প্রজন্মকে তাঁর দেশপ্রেম, নেতৃত্ব ও সাহসিকতা থেকে শিক্ষা নিতে হবে।
তিনি আরও বলেন, “দেশের গণতন্ত্র, শিক্ষা ও মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলাম এর পরিচালনায় মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক: 


















