
নওগাঁর আত্রাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বাল্যবিবাহ বন্ধ করে মেয়ের অভিভাবককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এ মর্মে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় আত্রাই থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের আব্দুল ওহাবের ১৬ বছর বয়সী মেয়ে মোছাঃ ছামিয়া আক্তারের সঙ্গে রাজশাহীর বাগমারা উপজেলার জিয়ানন্দপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আজাদ আলীর বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহটি বন্ধ করে দেয়।
পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী মেয়ের বাবা আব্দুল ওহাবকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তার বিয়ে দেওয়া হবে না এ মর্মে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ১৬ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করা হয়। আইন অনুযায়ী মেয়ের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এ মর্মে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 















