
নওগাঁর আত্রাই উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনের দায়ে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুইপার কলোনি সংলগ্ন তুলাপট্টি এলাকা থেকে প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পারকাসুন্দা গ্রামের আহম্মেদের ছেলে জহুরুল (১৯) এবং আমরুল কসবা (আমপুর) গ্রামের জিয়ারুলের ছেলে মনির (১৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। পরে তাদের আত্রাই থানায় হস্তান্তরের পর নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।
উপজেলা প্রশাসন জানায়, সরকার ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাদক সেবন, বহন ও বেচাকেনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 















