
নওগাঁর আত্রাই উপজেলায় অসুস্থ ব্যক্তি এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায়, গরিব ও দুঃস্থ পরিবারের সদস্যদের মাঝে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১৯ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। এ অনুদান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায়, গরিব ও দুঃস্থ পরিবারের পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তার জন্য প্রদান করা হয়।
চেক বিতরণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে একটি স্মরণসভা এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, এস. এম. ফারুকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক 















