
নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাইফুল ইসলাম কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। চুরি হওয়া মোটরসাইকেলটি কালো রঙের একটি সুজুকি জিক্সার।
সাইফুল ইসলাম জানান, ব্যক্তিগত কাজে উপজেলা পরিষদ চত্বরে এসে মোটরসাইকেলটি পার্কিং করে একটি সরকারি দপ্তরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, মোটরসাইকেলটি সেখানে নেই। পরে উপজেলা চত্বর ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এর কোনো সন্ধান পাননি।
ঘটনার পর উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, মাঝেমধ্যেই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এবার সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার ভেতর থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, মোটরসাইকেল চুরির ঘটনার বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক 














