
রাজশাহীর পদ্মা নদীতে শ্রমিক বহনকারী একটি ডিঙ্গিনৌকা ডুবে বাবা-ছেলেসহ দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। তবে সংবাদ লেখা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা দেড়টার দিকে রাজশাহী মহানগরীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন শ্যামপুর বালিরঘাট এলাকার বাসিন্দা কাফসার (৬০) ও তার ছেলে জিয়ারুল (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনভর কাজ শেষে আটজন শ্রমিক একটি ডিঙ্গিনৌকায় করে বাড়ি ফিরছিলেন। নদীর মাঝপথে প্রবল স্রোতের মুখে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। এ সময় ছয়জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও কাফসার ও জিয়ারুল স্রোতের পানিতে নিখোঁজ হন।
খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ছয় সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। একই সঙ্গে নৌকার সহায়তায় নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টির কারণে উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটছে।
নিখোঁজ কাফসারের স্ত্রী বলেন, প্রতিদিনের মতো কাজ শেষে তার স্বামী ও ছেলে বাড়ি ফিরছিলেন। নদীর মাঝপথে নৌকাটি ডুবে যাওয়ার পর থেকেই তারা নিখোঁজ। দ্রুত তাদের উদ্ধার করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মঞ্জিল হক বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।”
রাজশাহী প্রতিনিধি 














