
নওগাঁ শহরে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের চাপায় ইউসুফ (৪৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন ইউসুফ। দয়ালের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, অটোরিকশার ধাক্কায় সড়কে পড়ে যাওয়ায় বাসচালকের দুর্ঘটনা এড়ানোর সুযোগ ছিল না।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নওগাঁ, নিজস্ব প্রতিবেদক 








