
ধামইরহাটে ৬৮০ পিস ট্যাপেন্টাডলসহ ভাই-বোন গ্রেপ্তার
নওগাঁর ধামইরহাট উপজেলায় অভিযান চালিয়ে ৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ভাই-বোনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের সাহাপুর বাজার বিএনপি অফিসসংলগ্ন পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার অমরপুর (হঠাৎপাড়া) গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান ও হাসিনা বেগমের ছেলে মো. হাসান আলী (৩০) এবং মেয়ে মোছা. লাইলী বেগম (৩৫)। তারা সম্পর্কে ভাই-বোন।
পুলিশ জানায়, বিশেষ অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় একটি হিরো হোন্ডা মোটরসাইকেল ও একটি স্মার্টফোন।
ধামইরহাট থানা পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদক নিজেদের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানায়, জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
ধামইরহাট প্রতিনিধি 














