
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলায় শুরু হয়েছে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে রবিবার (২ আগস্ট) বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষ মেলার উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
দিনের শুরুতে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে বিনামূল্যে বনজ ও ফলদ গাছের চারা তুলে দেওয়া হয়। পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়।
এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মুনিরুল ইসলাম (পিপিএম), রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, বিভিন্ন নার্সারির মালিক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্ষাকাল বৃক্ষরোপণের সবচেয়ে উপযুক্ত সময়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রত্যেকের উচিত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অন্তত একটি করে পরিবেশবান্ধব বনজ বা ফলদ গাছ রোপণ করা। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার আহ্বান জানান তারা।
মেলায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছ নিয়ে ৪৪টি স্টল অংশগ্রহণ করেছে। আগামী ৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন দর্শনার্থীদের জন্য মেলাটি উন্মুক্ত থাকবে।
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ 








