
একসময় চায়ের দোকানের আয়ে সংসার চালানোর পাশাপাশি রাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ডে সাধ্যমতো সহযোগিতা করতেন। দলের নানা কর্মসূচিতে নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ ব্যয় করলেও আজ সেই মানুষটিই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছেন। তিনি নওগাঁর আত্রাই উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা ও বিএনপির প্রবীণ কর্মী মজিবর রহমান (৭৫)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মফিজ উদ্দিন শাহের সাত সন্তানের মধ্যে জ্যেষ্ঠ মজিবর রহমান দীর্ঘদিন ধরে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেছেন। একই সঙ্গে তিনি বিএনপির বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতেন এবং দলের দুর্দিনেও পাশে ছিলেন। তিনি আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি একটি জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত। পরিবারের দাবি, তার শরীরের বিভিন্ন স্থানে টিউমারের মতো গোলাকার মাংসপিণ্ড সৃষ্টি হয়েছে। অসহনীয় ব্যথায় প্রতিদিন কষ্টে দিন কাটছে তার। তবে আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না।
মজিবর রহমানের পরিবারের সদস্যরা জানান, চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। ফলে উন্নত চিকিৎসার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তিনি সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি ও সরকারের সহযোগিতা কামনা করেছেন।
মজিবর রহমানের ছোট ভাই মো. আজাহার আলী বলেন, “আমার বড় ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তিনি সারাজীবন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এখন চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছেন। সরকার ও সমাজের সামর্থ্যবান মানুষ যদি তার পাশে দাঁড়ান, তাহলে চিকিৎসা ও সংসার চালানো অনেকটা সহজ হবে।”
পরিবারের আশা, মানবিক সহায়তা পেলে মজিবর রহমানের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে এবং তিনি নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবেন।
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 










