
র্যালি, পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁয় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে শহরের মুক্তির মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় নওগাঁ-৬ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জুলাই শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে জেলার ১১টি উপজেলাতেও প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
পরে সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ফুল দিয়ে তাদের বরণ করে নেন। এরপর দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এছাড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফজলে রাব্বী, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্র ও বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগকে স্মরণ রেখে জাতীয় ঐক্য সুসংহত করতে হবে। তিনি শহীদ ও যোদ্ধাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি দেশ গঠনে ইতিবাচক চিন্তা ও গঠনমূলক সমালোচনার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নওগাঁয় প্রশাসনিক কার্যক্রম ও জনসেবায় বিভিন্ন ইতিবাচক পরিবর্তন এসেছে। তিনি ধৈর্য, সহযোগিতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ 















