
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নওগাঁর রাণীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। বিভিন্ন সাজসজ্জা ও ধর্মীয় আবহে শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে স্থানীয় এমপি, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী বিকাশ চন্দ্র প্রামানিকের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব শ্রী বিধান সরকার।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।
বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও ধর্মীয় মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মানুষের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 














