
অনুসন্ধান ও উদ্ধারকাজে আধুনিক রোবোটিক্স প্রযুক্তি নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। ইউরোপ, আমেরিকা ও এশিয়ার ১৪টি দেশের গবেষণাপত্রকে পেছনে ফেলে এ পুরস্কার অর্জন করেন রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল এবং ২০ ব্যাচের শিক্ষার্থী মো. আবু তালহা রনি।
তাদের যৌথ গবেষণার বিষয় ছিল ‘AUTONOMOUS AERIAL AND FIELD ROBOTICS FOR SEARCH AND RESCUE’—বাংলায় যার অর্থ অনুসন্ধান ও উদ্ধারকাজের জন্য স্বয়ংক্রিয় আকাশযান ও ফিল্ড রোবোটিক্স।
গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপী ‘RAAICON 2026’ 5th IEEE International Conference on Robotics, Automation, Artificial Intelligence and Internet of Things অনুষ্ঠিত হয়। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ ১৪টি দেশের গবেষক ও প্রতিনিধিরা অংশ নেন।
IEEE বাংলাদেশ সেকশন ও IEEE Robotics and Automation Society Bangladesh Chapter-এর যৌথ আয়োজনে এবং যবিপ্রবির ব্যবস্থাপনায় সম্মেলনটি সরাসরি ও অনলাইন—দুই মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ১৪টি দেশের গবেষকদের কাছ থেকে মোট ৫১৭টি গবেষণাপত্র জমা পড়ে। পর্যালোচনা ও বাছাই শেষে এর মধ্যে মাত্র ১৪৫টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। সে হিসাবে গবেষণাপত্র গ্রহণের হার ছিল প্রায় ২৮ শতাংশ।
দুই দিনব্যাপী সম্মেলনে রোবোটিক্স, অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংসের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন দেশের গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণালব্ধ ফলাফল, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়।
গত শুক্রবার সকালে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত Applied Materials Inc.-এর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার রাম চন্দ্র পালসানিয়া। তিনি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ে প্রেডিক্টিভ মেইনটেন্যান্স এবং যন্ত্রের ডাউনটাইম কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত অটোমেশনের ব্যবহার নিয়ে আলোচনা করেন।
নিজস্ব প্রতিবেদক রাজশাহী 



















