
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৯ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪০টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩০ হাজার টাকা। এ সময় প্রায় ৩০০ গ্রাম ইলিশ মাছও জব্দ করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় দৌলতপুর উপজেলার যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য বিভাগের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে, জব্দ করা ইলিশ মাছ এক অসহায় দরিদ্র ব্যক্তির মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে মাছ আহরণ বন্ধে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি 


















