
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. আকবর হোসেনের নেতৃত্বে আভিযানিক দলটি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার বাসিন্দা হাসানের নিজ দখলে থাকা বসতঘরে তল্লাশি চালিয়ে ৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. হাসান রামকান্তপুর এলাকার দুলালের ছেলে। তাঁর স্থায়ী ঠিকানা একই উপজেলার চরলক্ষ্মীপুর এলাকায়।
অভিযান পরিচালনাকারী দলের নেতৃত্বে থাকা উপপরিদর্শক মো. আকবর হোসেন বাদী হয়ে হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, হাসানকে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত
মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রাজবাড়ী প্রতিনিধি 


















