
নওগাঁর আত্রাইয়ে দুলাল হোসেন নামে এক কৃষকের গোয়ালঘরের দরজা ভেঙে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) প্রথম প্রহরে উপজেলার হিসাবদিনগর গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এর আগে গত ২ অক্টোবর রাতে একই এলাকার মস্কিপুর বাজারসংলগ্ন এলাকা থেকে আনিছার রহমান নামে এক শিক্ষকের গোয়ালঘরের ইট খুলে প্রায় পৌনে দুই লাখ টাকা মূল্যের তিনটি গরু চুরি হয়।
এ ঘটনায় ১৭ দিন অতিবাহিত হলেও চুরি যাওয়া গরুগুলো উদ্ধার কিংবা কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরই মধ্যে নতুন করে আবারও গরু চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
হিসাবদিনগর গ্রামের ওয়ালুল ইসলামের ছেলে ও গরুর মালিক দুলাল হোসেন জানান, রোববার সন্ধ্যায় বাড়িসংলগ্ন গোয়ালঘরে তিনটি গরু রেখে দরজায় তালা দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে ঘুম থেকে উঠে গোয়ালঘরে কয়েল ধরিয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েন। এর প্রায় এক ঘণ্টা পর শব্দ পেয়ে গোয়ালঘরে গিয়ে দেখেন, দরজা ভেঙে চোরেরা তিনটি গরুই চুরি করে নিয়ে গেছে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই লোকজন ডেকে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি। চুরি যাওয়া তিনটি গরুর মূল্য প্রায় পৌনে তিন লাখ টাকা হবে বলে জানান তিনি।
এর আগে গত ২ অক্টোবর রাতে একই এলাকার মস্কিপুর বাজারসংলগ্ন এলাকা থেকে শিক্ষক আনিছার রহমানের প্রায় পৌনে দুই লাখ টাকা মূল্যের তিনটি গরু চুরি হয়। এ ঘটনায় পরদিনই থানায় লিখিত অভিযোগ করেন তিনি। তবে ঘটনার ১৭ দিন পেরিয়ে গেলেও গরুগুলো উদ্ধার কিংবা চুরির ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে হতাশা প্রকাশ করেছেন শিক্ষক আনিছার রহমান।
এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, সোমবার গরু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহসহ ঘটনার অনুসন্ধান চলছে। এ ছাড়া এর আগে শিক্ষক আনিছার রহমানের চুরি যাওয়া গরুগুলো উদ্ধারেরও চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদক 


















