
নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের মহাদীঘি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ১৬ বছর বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে তার পাশে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শী মুকুল মোল্লা জানান, ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার মধ্যে হেলমেট পরিহিত অবস্থায় ওই কিশোরকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত কিশোরের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
নিজস্ব প্রতিবেদক 


















