
প্রাকৃতিক সৌন্দর্য, মাছ, পাখি আর সবুজ বৃক্ষরাজির জন্য পরিচিত নওগাঁর রাণীনগর উপজেলার রক্তদহ বিল পাখিপল্লী ও পর্যটন এলাকা। প্রতিদিনই এখানকার মনোরম পরিবেশ উপভোগ করতে ভিড় করেন বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক ও দর্শনার্থীরা। কিন্তু পর্যটনকেন্দ্রের সেই সৌন্দর্য রক্ষাকারী গাছগুলোই এখন অস্তিত্ব সংকটে। অভিযোগ উঠেছে, রাতের আঁধারে পরিকল্পিতভাবে কেটে নেওয়া হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ। ইতোমধ্যে পর্যটন এলাকার পশ্চিম পাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে মেহগনি, ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫০টি গাছ কেটে ফেলা হয়েছে। এতে বিলের প্রাকৃতিক পরিবেশ ও পর্যটন সম্ভাবনা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।
সরেজমিনে পর্যটন এলাকার পশ্চিম পাশে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থানে গাছের কাটা গুঁড়ি ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা ডালপালা পড়ে রয়েছে। কোথাও বড় গাছের গোড়া পড়ে আছে, আবার কোথাও গাছের গোড়ার অর্ধেক অংশ কেটে রাখা হয়েছে। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এমন দৃশ্য চোখে পড়ে। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় নয়, মূলত রাতের আঁধারেই সুযোগ বুঝে একের পর এক গাছ কেটে নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটলেও তা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে কারা এসব গাছ কাটছে, কীভাবে কাটা কাঠ সরিয়ে নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন এমন প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে জানা গেছে, সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলাম সাতটি গাছ কাটেন। তবে সরেজমিনে পাওয়া বাকি গাছগুলো কাটার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, রাতের আঁধারে কেউ গাছ কেটে নিয়ে গেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গাছগুলোর দেখভাল ও রক্ষণাবেক্ষণের জন্য একটি সমিতি গঠন করা হয়েছে। দায়িত্ব পালনে সমিতির সদস্যদের কোনো অবহেলা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। গাছ কাটার ঘটনায় সমিতির কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয়তা বিবেচনা করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে সাতটি গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছিল।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. ইমানুর রশিদ বলেন, প্রয়োজনের তাগিদে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদনক্রমে রক্তদহ বিলের পশ্চিম পাশে সাতটি গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছিল। গাছগুলো কাটার পর বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। তবে ওই এলাকায় প্রায় ৫০টি গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর ভাষ্য, গত এক বছরে সেখানে অন্য কোনো গাছ কাটার অনুমোদন দেওয়া হয়নি। এমনকি এ বিষয়ে কোনো টেন্ডারও অনুষ্ঠিত হয়নি।
রক্তদহ বিলের সৌন্দর্য উপভোগ করতে আসা দর্শনার্থী আলামিন বলেন, পরিবার-পরিজন নিয়ে এখানকার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে আসেন তিনি। মাছ, পাখি ও সবুজ গাছপালাই এ পর্যটন এলাকার প্রধান আকর্ষণ। কিন্তু যেভাবে নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে রক্তদহ বিলের আগের সেই সৌন্দর্য আর থাকবে না। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং গাছ কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

স্থানীয় সচেতন মহলের মতে, একটি পর্যটন এলাকার সৌন্দর্য শুধু স্থাপনা কিংবা অবকাঠামোর ওপর নির্ভর করে না; এর প্রাকৃতিক পরিবেশ ও সবুজ বৃক্ষরাজিও পর্যটকদের আকর্ষণের অন্যতম প্রধান উপাদান। অথচ সেই গাছই যদি রাতের আঁধারে উধাও হয়ে যায়, তাহলে পর্যটনকেন্দ্রটির স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখা কঠিন হয়ে পড়বে।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সাতটি গাছ কাটার অনুমোদন থাকলেও বাকি গাছগুলো কারা এবং কী উদ্দেশ্যে কেটেছে, তা এখনো পরিষ্কার নয়। অনুমোদনের বাইরে এতগুলো গাছ কাটা হলো কীভাবে? কাঠগুলো কোথায় সরিয়ে নেওয়া হয়েছে? দায়িত্বপ্রাপ্তদের নজরদারিতেই বা ঘাটতি ছিল কি না এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি।
রক্তদহ বিলের সবুজ প্রকৃতি ও পর্যটন ঐতিহ্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি অবশিষ্ট গাছের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি বাড়াতে হবে। অন্যথায় নির্বিচারে বৃক্ষনিধনের কারণে একসময় হারিয়ে যেতে পারে রক্তদহ বিলের চিরচেনা সবুজ সৌন্দর্য, পাখির কলকাকলি আর পর্যটকদের প্রিয় প্রাকৃতিক পরিবেশ।
নিজস্ব প্রতিবেদক নওগাঁ 

















