
নওগাঁ জেলার পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন। সামগ্রিক কর্মদক্ষতা, অপরাধ দমন কার্যক্রম, জনবান্ধব পুলিশিং এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অবদান রাখায় ডিসেম্বর ২০২৫ মাসের মূল্যায়নে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) নওগাঁ পুলিশ লাইনসের সভাকক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ ওসি নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। সভা শেষে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ওসি আসাদুজ্জামান আসাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
পুলিশ সূত্র জানায়, পত্নীতলা থানায় দায়িত্ব পালনকালে ওসি আসাদুজ্জামান মাদকবিরোধী অভিযান জোরদার, ওয়ারেন্ট তামিল, দ্রুত মামলা নিষ্পত্তি এবং সাধারণ জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখেন। থানায় আগত সেবাপ্রার্থীদের সঙ্গে মানবিক ব্যবহার ও সময়মতো সেবা প্রদানের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হন।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। পত্নীতলা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণকে সর্বোচ্চ সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই অর্জন শুধু আমার একার নয়, থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে থানার কার্যক্রম আরও গতিশীল করা হবে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের মাসিক মূল্যায়ন সভায় নিয়মিতভাবে ভালো কাজের স্বীকৃতি প্রদানের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত উৎকর্ষ ও মনোবল বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 















