
রংপুরের গঙ্গাচড়ায় বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার পিস্তল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গজঘন্টা ইউনিয়নের বাবুপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল গজঘন্টা ইউনিয়নের বাবুপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় গ্রামের নজরুল হকের (৬০) বাড়ির পেছনের রাস্তার পাশে একটি বাঁশঝাড়ে পরিত্যক্ত অবস্থায় লোহার তৈরি রুপালি রঙের ওয়ান শ্যুটার পিস্তলটি পাওয়া যায়।
উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তবে অস্ত্রটি সেখানে কে বা কারা রেখে গেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 


















