
নওগাঁর আত্রাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সরকারি সেবা নিতে গিয়ে অতিরিক্ত অর্থ দাবির গুরুতর অভিযোগ উঠেছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন, নতুন ভোটার নিবন্ধন, নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম সংশোধন এবং ভোটার এলাকা স্থানান্তরসহ বিভিন্ন সেবা নিতে এসে সাধারণ মানুষকে হয়রানি ও আর্থিক ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী। তাঁদের অভিযোগের তির উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেনের দিকে।
ভুক্তভোগীদের অভিযোগ, অতিরিক্ত অর্থ না দিলে কাঙ্ক্ষিত সেবা পেতে দিনের পর দিন ঘুরতে হচ্ছে নির্বাচন অফিসে। তবে টাকা দিলে দ্রুত কাজ সম্পন্ন হচ্ছে। এতে নির্বাচন অফিসের সেবার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
পবনডাঙ্গা গ্রামের বাসিন্দা ইমরান অভিযোগ করে বলেন, এনআইডি কার্ডের নাম সংশোধনের জন্য প্রায় ছয় মাস ধরে নির্বাচন অফিসে ঘুরেছেন তিনি। একপর্যায়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেনকে ২ হাজার ৫০০ টাকা দেওয়ার পর তাঁর কাজ সম্পন্ন হয়।
নিরাপত্তা ও হয়রানির আশঙ্কায় নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদেশফেরত প্রবাসীও একই ধরনের অভিযোগ করেছেন। তিনি জানান, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্যগত সমস্যা সমাধানের জন্য নির্বাচন অফিসে গেলে তাঁর কাছে অর্থ দাবি করা হয়। পরে অর্থের বিনিময়ে কাজটি করিয়ে নিতে বাধ্য হন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বলেন, আমি মাঝেমধ্যে কোনো কাজ নিয়ে নির্বাচন অফিসে গেলে খুশি হয়ে যা দিই, কর্মকর্তা তাই গ্রহণ করেন।
উপজেলা নির্বাচন অফিসে সেবা নিতে আসা পারগুড়নই গ্রামের বাসিন্দা নাহিদ হোসেন অভিযোগ করে বলেন, আমার ভাইয়ের নতুন ভোটার নিবন্ধনের জন্য আবেদন করার পর একাধিকবার উপজেলা নির্বাচন অফিসে গিয়েও তাঁর কাজ সম্পন্ন হয়নি। পরে তাঁর কাছে ৬ হাজার টাকা দাবি করা হয়। একপর্যায়ে তিনি টাকা পরিশোধ করলে দ্রুত তাঁর কাজ সম্পন্ন করে দেওয়া হয়।
অন্যদিকে নতুন ভোটার হতে আসা বেশ কয়েকজনের অভিযোগ, ছবি তোলা ও নিবন্ধনের জন্য দিনের পর দিন তাঁদের ঘুরতে হচ্ছে। কখনো বলা হচ্ছে মেশিন নষ্ট, কখনো বলা হচ্ছে আজ আর কাজ হবে না। একেক দিন একেক ধরনের অজুহাত দেখানো হচ্ছে। এতে শিক্ষার্থীসহ নতুন ভোটার হতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।
আরও কয়েকজন সেবাপ্রত্যাশীর অভিযোগ, উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রতিদিন দুপুর ১টার দিকে অফিসে আসেন। এরপর সেবাপ্রত্যাশীদের একজন একজন করে নিজের কক্ষে ডেকে দীর্ঘ সময় কথা বলেন। এ সময় কেউ প্রতিবাদ করলে তিনি ভাইভা নেওয়ার কথা জানান। তবে কী কারণে এত দীর্ঘ সময় ধরে ভাইভা নেওয়া হয়, সে বিষয়ে তাঁদের মধ্যে প্রশ্ন রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সেবাপ্রত্যাশীদের দীর্ঘ সময় অপেক্ষায় রেখে একধরনের চাপের পরিস্থিতি তৈরি করা হয়। ফলে অনেকেই হয়রানি এড়াতে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য হন। তাঁদের দাবি, টাকা দিলেই দ্রুত কাজ সম্পন্ন হয়, অথচ টাকা না দিলে নানা অজুহাতে দিনের পর দিন ঘোরানো হয়।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। তবে কেউ যদি অর্থনৈতিক লেনদেন করে থাকে, তা তাঁর অগোচরে করতে পারে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোত্তালিব বলেন, আমি এর আগেও তাঁর বিরুদ্ধে অভিযোগ শুনেছি। তবে লিখিত আকারে অভিযোগ পেলে আমরা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
নিজস্ব প্রতিবেদক 

















