সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বয়সসীমায় পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে। আগে এ বয়সসীমা ছিল পাঁচ বছর। সংশোধিত ভর্তি নীতিমালায় বয়সসংক্রান্ত নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশের পর বিষয়টি জানা যায়।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসরণ করে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিশুর বয়স ছয় বছর পূর্ণ হতে হবে। তবে কোনোভাবেই সাত বছর পূর্ণ হওয়া যাবে না।
সে হিসাবে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২০ সালের মধ্যে।
এর আগে গত ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ করেছিল। ওই নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স পাঁচ বছর নির্ধারণ করা হয়েছিল। পরবর্তী সময়ে সংশোধিত নীতিমালায় তা বাড়িয়ে ছয় বছর করা হয়।
নীতিমালায় আরও বলা হয়েছে, ভর্তির সময় শিক্ষার্থীর বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত অতিরিক্ত ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রেণিতে শূন্য আসন থাকতে হবে।
ভর্তি পদ্ধতির ক্ষেত্রেও রয়েছে পৃথক নির্দেশনা। প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে ডিজিটাল লটারির মাধ্যমে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।
ভর্তি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পরিচালনার দায়িত্ব পালন করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ডিজিটাল লটারি পরিচালনার সময় ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ ছাড়া লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি অপেক্ষমাণ তালিকাও প্রকাশ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে অন্য শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।
এদিকে এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ জারি করে। ওই নীতিমালাতেও প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর ন্যূনতম বয়স ছয় বছর নির্ধারণ করা হয়েছে।
ফলে ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ছয় বছর বয়সের শর্ত কার্যকর হতে যাচ্ছে। নতুন এই সিদ্ধান্তের কারণে অভিভাবকদের সন্তানের জন্মতারিখ ও ভর্তি যোগ্যতা যাচাই করে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আ.আ. নিজস্ব প্রতিবেদক 

















