নওগাঁর আত্রাইয়ে উপজেলা যুবদলের উদ্যোগে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারুণ্যের শক্তিকে সুসংগঠিত ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা যুবদলের সভাপতি মো. মাসুদ হায়দার টিপু। প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব মো. রুহুল আমিন মুক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক মো. আশরাফুল ইসলাম লিটন ও মো. পারভেজ ইকবাল।

এ ছাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিনসহ বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিগত সময়ে হামলা-মামলা ও দমন-পীড়ন উপেক্ষা করে যুবদলের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখেছেন।
তাঁরা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আত্রাইয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
নিজস্ব প্রতিবেদক 

















