নওগাঁর আত্রাইয়ে বাড়ির পেছনে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে রবিউল ইসলাম (২৭) নামে এক যুবককে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলায় তাঁর পেটের নাড়িভুঁড়ির কিছু অংশ বের হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত রাসেলের মা ও স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত রাসেল আহম্মেদ পলাতক রয়েছেন।
শনিবার (রাত) উপজেলার রসুলপুর গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ওই গ্রামের আজগর আলীর ছেলে।
আহত রবিউলের স্ত্রী রুমি আক্তার জানান, প্রতিবেশী মৃত হাতেম আলীর ছেলে রাসেল আহম্মেদ (৩০) প্রায়ই তাঁদের বাড়ির পেছনে গাঁজা সেবন করতেন। এ নিয়ে তাঁকে একাধিকবার নিষেধ করা হয়েছিল। কিন্তু নিষেধ উপেক্ষা করে শনিবার রাতেও তিনি সেখানে গাঁজা সেবন করেন। এ সময় রবিউল তাঁকে বাধা দিলে কিছুক্ষণ পর রাসেল হাসুয়া নিয়ে এসে রবিউলের ওপর হামলা চালান। এতে রবিউলের পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয় এবং পেটের নাড়িভুঁড়ির কিছু অংশ বের হয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাত ৯টার দিকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন আহতের স্ত্রী রুমি আক্তার।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তরিকুল ইসলাম বলেন, রবিউলের পেট, বাম বাহু ও ডান হাতে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে। তাঁর পেট থেকে নাড়িভুঁড়ির কিছু অংশ বের হয়ে গিয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, এ ঘটনায় আহত রবিউলের বাবা আজগর আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রাসেল মাদকসেবী। এর আগেও তাঁকে একাধিকবার গ্রেফতার করা হয়েছে। এমনকি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একবার তাঁকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
ওসি আরও বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়ে রাসেলের মা জাবেদা বেওয়া (৫৫) ও স্ত্রী রুমা আক্তারকে (২৫) গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্ত রাসেলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

















