নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা এক এএসআই দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন সাদা পোশাকে হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কনস্টেবল আনোয়ার। পরে তার মৃত্যু হয়।
হামলার সময় এএসআই আব্দুস সাত্তার দৌড়ে ঘটনাস্থল থেকে সরে গিয়ে প্রাণে রক্ষা পান। তবে তিনি কোনো ধরনের আঘাত পেয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। হামলাকারীদের শনাক্ত, ঘটনার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, তিনি নিজেও ঘটনাস্থলে অবস্থান করছেন এবং জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হাশেমবাগ এলাকায় মাদক কারবারের একাধিক স্পট রয়েছে। এসব স্থানে অতীতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, কনস্টেবল আনোয়ারের ওপর হামলার পেছনে মাদক কারবারিদের কোনো চক্র জড়িত থাকতে পারে। তবে হামলার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসেও একই এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছিল। এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের ঘটনায় তদন্ত করতে গিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ পাঁচজনকে আটক করে। পরে আটক ব্যক্তিদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ছিল।
এবার একই এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে এক পুলিশ সদস্যের প্রাণহানির ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

















