নওগাঁর আত্রাইয়ে অটোভ্যানচালককে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় হৃদয় হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত অপর এক ব্যক্তি পালিয়ে গেছে।
গত ২২ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে উপজেলার কাশিয়াবাড়ী ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হৃদয় হোসেন উপজেলার বিশা ইউনিয়নের ইসলামগাথী গ্রামের মোহাম্মদ রাহান সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অটোভ্যানচালক মেহেদী হাসান মোস্তাক (২৪) আহসানগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে দুই ব্যক্তিকে ১২০ টাকা ভাড়ায় ভোপাড়া বাজারে নিয়ে যান। সেখান থেকে ফেরার পথে কাশিয়াবাড়ী ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা একজন পেছন থেকে লোহার রড দিয়ে চালকের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। এ সুযোগে দুই ব্যক্তি অটোভ্যানটি ছিনতাই করে পালানোর চেষ্টা করেন।
এ সময় এক মোটরসাইকেল আরোহীর মাধ্যমে খবর পেয়ে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছিনতাই হওয়া অটোভ্যানসহ হৃদয় হোসেনকে গ্রেপ্তার করে। তবে তাঁর অপর সহযোগী পালিয়ে যায়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, এ ঘটনায় থানায় দস্যুতার মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

















