রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কলেজ পরিদর্শনে গিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন তিনি। এ সময় একটি ক্লাসে মাত্র একজন শিক্ষার্থী উপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
পরিদর্শনকালে একটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষামন্ত্রী নারী শিক্ষককে প্রশ্ন করেন, ‘স্টুডেন্ট কোথায়?’ জবাবে ওই শিক্ষক বলেন, ‘ক্লাসে একজন ছাত্রী আছে।’
শিক্ষার্থী উপস্থিতি কম থাকার কারণ জানতে চাইলে ওই শিক্ষক জানান, কলেজে মোট ১৫ জন ছাত্রী রয়েছে। তবে সেদিন একজনই ক্লাসে এসেছে।
এ সময় আরেক শিক্ষক বলেন, ‘ওদের ক্লাসে অনেকেই এখনো ঢোকেনি।’
শিক্ষামন্ত্রী জানতে চান, ‘কয়টার সময় ক্লাস হয়? এখন তো কোনো ক্লাসেই কাউকে দেখছি না।’ জবাবে শিক্ষক বলেন, ‘সাড়ে ১১টায় ক্লাস আছে। স্যারেরা ঢুকছেন, শিক্ষার্থীরা হয়তো বাইরে বাইরে থাকে।’
শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে না আসার বিষয়ে এক শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসে আসতে খুব অনীহা। তাদের ক্লাসে আনা যায় না। ফোন করে আনতে হয়।’ শিক্ষকদের এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
এ বিষয়ে বিড়ালদহ কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রী আকস্মিকভাবে কলেজ পরিদর্শনে আসেন। তিনি সকাল ১১টা ৩৮ মিনিটে কলেজে প্রবেশ করেন এবং প্রায় ১৮ থেকে ২০ মিনিট অবস্থান করেন। সরাসরি চারতলায় গিয়ে শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ক্লাসে শিক্ষার্থী উপস্থিতি কম। বিষয়গুলো যেন নিয়মিত মনিটর করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোহা. সাদিকুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রীর মূল কর্মসূচি ছিল নাটোরের এনএস কলেজে। রাজশাহী থেকে সড়কপথে যাওয়ার সময় তিনি পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেন। সেখানে গিয়ে একজন শিক্ষার্থীকে উপস্থিত দেখতে পান।
তিনি আরও বলেন, শিক্ষার্থী সংকট এখন অনেক কলেজেই রয়েছে। যেসব বিষয়ে শিক্ষার্থী নেই, সেসব বিষয় বন্ধ করে দেওয়া হচ্ছে। এর আগে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় শিক্ষার্থী সংকটের বিষয়টি তুলে ধরা হয়েছে। বিভাগীয় কমিশনারের মাধ্যমে তা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এসব বিষয় শিক্ষামন্ত্রীকেও জানানো হয়েছে।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের পাঠদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।
নিজস্ব প্রতিবেদক রাজশাহী 


















