ফরিদপুরের ভাঙ্গায় পঞ্চম শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার দায়ে সুমন হাওলাদার (২৪) নামে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত সুমন ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের জাকির হাওলাদারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ জুন বিকেলে শিশুটির মা ইউনিয়ন পরিষদে গেলে বাড়িতে একা পেয়ে সুমন ঘরে প্রবেশ করেন। একপর্যায়ে শিশুটির মুখ চেপে ধরে ওড়না দিয়ে হাত বেঁধে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির মা বাড়িতে ফিরে মেয়ের কান্নার শব্দ শুনে ঘরে গেলে সুমন খাটের নিচে লুকিয়ে পড়েন। পরে সেখান থেকে বের হয়ে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় পরদিন শিশুটির মা বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সুমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালতে সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন।
ফরিদপুর প্রতিনিধি 


















