কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে কারাগারসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত কুষ্টিয়া জেলা কারাগারের সামনে আসে। পরে সড়কের ওপর থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে তারা। বিস্ফোরণের পরপরই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
ঘটনার পর কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম বলেন, মোটরসাইকেলে করে তিন ব্যক্তি এসে সড়কের ওপর থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা কারাগার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া প্রতিনিধি 


















