সারাদেশে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নওগাঁর রাণীনগরে প্রতিবাদ সভা করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (গতকাল) বেলা ১১টায় উপজেলার বড়গাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন প্রধান অতিথি।
বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি একেএম জাকির হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সদস্য এসএম আল ফারুক জেমস, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, বড়গাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশীরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির ঘটনা ঘটছে। এসব ঘটনার পেছনে ভারতে অবস্থানরত ফ্যাসিস্ট শেখ হাসিনার ইন্ধন রয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, কেউ যেন কোনো ধরনের উসকানি বা গুজবে কান না দেন। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে সার্বিক সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে দেশজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তাই কোনো ধরনের নৈরাজ্যকে ভয় না পেয়ে সম্মিলিতভাবে তা প্রতিহত করতে হবে।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে কৃষক কার্ড ও অসচ্ছল নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এলাকায় শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 


















