বৈশ্বিক উষ্ণায়নের ভয়াবহ প্রভাব পড়ছে পৃথিবীর মিঠাপানির উৎসগুলোর ওপর। ২০২৩ ও ২০২৪ সালে তীব্র তাপপ্রবাহের কারণে বিশ্বজুড়ে নদী, হ্রদ ও জলাধারের পানির স্তরে নজিরবিহীন পতন ঘটেছে। এক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে, অন্তত ১৯৯১ সালের পর এই দুই বছরে ভূপৃষ্ঠের মিঠাপানির পরিমাণ সবচেয়ে বেশি কমেছে।
চীনা বিজ্ঞান অ্যাকাডেমির নেতৃত্বে পরিচালিত এক যৌথ গবেষণায় দেখা গেছে, ২০২৩ ও ২০২৪ সালে বিশ্বজুড়ে নদীর পানিপ্রবাহ স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৫ দশমিক ৭ শতাংশ কমে যায়। একই সময়ে হ্রদ ও জলাধারে সঞ্চিত পানির পরিমাণ কমেছে ৯ দশমিক ৫ শতাংশ। ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত এই দুই বছরে পৃথিবীর ভূপৃষ্ঠের মিঠাপানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
গবেষকদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর পানিচক্র ক্রমেই অস্বাভাবিক ও চরম হয়ে উঠছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ায় মাটি, নদী ও হ্রদ থেকে অধিক পরিমাণে আর্দ্রতা শোষিত হচ্ছে। পাশাপাশি ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কারণে বাড়ছে বাষ্পীভবন। পরে সেই আর্দ্রতার বড় অংশ স্থলভাগের পরিবর্তে সমুদ্রের ওপর ভারী বৃষ্টিপাত হিসেবে ঝরে পড়ছে। ফলে স্থলভাগের অনেক অঞ্চলে পানির সংকট তৈরি হচ্ছে।
গবেষণায় আরও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে খরা ও বন্যার বৈপরীত্য বাড়ছে। অর্থাৎ, কোনো অঞ্চল ভয়াবহ বন্যার মুখে পড়লেও বছরের অধিকাংশ সময় সেখানে নদীর পানিপ্রবাহ স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে।
গবেষণার ফলাফল তৈরিতে বিজ্ঞানীরা ১৯৯১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বের ১৫০টি প্রধান নদী অববাহিকার পানিপ্রবাহের তথ্য এবং ১২ লাখের বেশি হ্রদ ও জলাধারের স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করেছেন।
গবেষণার অন্যতম লেখক ড. সুলগ্না মিশ্র বলেন, জলবায়ু পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ বৈপরীত্য এই গবেষণায় উঠে এসেছে। বায়ুমণ্ডল উষ্ণ হলেই স্থলভাগে পানির প্রাপ্যতা বাড়বে, এমন নয়। বিশ্বজুড়ে সামগ্রিক বৃষ্টিপাত বাড়লেও অতিরিক্ত বৃষ্টির অধিকাংশই সমুদ্রের ওপর হয়েছে। অন্যদিকে, স্থলভাগের অনেক অঞ্চলে দেখা দিয়েছে পানির তীব্র ঘাটতি।
দক্ষিণ আমেরিকায় এই পরিস্থিতির প্রভাব সবচেয়ে স্পষ্ট। মহাদেশটির বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও ভয়াবহ বন্যা দেখা দিলেও সামগ্রিকভাবে নদীর পানিপ্রবাহ কমেছে ১৭ দশমিক ৮ শতাংশ। একই সময়ে হ্রদ ও জলাধারে পানির পরিমাণ কমেছে ১৬ দশমিক ৫ শতাংশ।
ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার জলবিদ্যা ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সহযোগী অধ্যাপক ড. ই হেই বলেন, ২০২৩ ও ২০২৪ সালে দক্ষিণ আমেরিকার কিছু অংশে ভয়াবহ বন্যা হলেও ওই দুই বছরে মহাদেশটির নদীগুলোতে স্বাভাবিকের তুলনায় অনেক কম পানি প্রবাহিত হয়েছে। অতিবৃষ্টির সময় কোনো নদীতে আকস্মিক বন্যা দেখা দিতে পারে, অথচ বছরের বাকি সময় পানির স্তর স্বাভাবিকের নিচে থাকতে পারে।
এদিকে, বিশ্বজুড়ে পানির সরবরাহ ব্যবস্থা নানা ধরনের ঝুঁকির মুখে পড়ছে। এর মধ্যে রয়েছে শক্তিশালী সুপার এল নিনো, জলবায়ু পরিবর্তনের কারণে তীব্রতর খরা, পানিদূষণ এবং অতিরিক্ত পানি উত্তোলন ও অপব্যবহার।
ব্রিটিশ ইকোলজিক্যাল সোসাইটির পলিসি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ক্রিশ্চিয়ান ডান বলেন, এই গবেষণার সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, মিঠাপানির সম্পদ খুব দ্রুত কমে যেতে পারে। এমনকি ঐতিহাসিকভাবে আর্দ্র ও পানিসমৃদ্ধ অঞ্চলগুলোও এ ঝুঁকির বাইরে নয়। কোনো অঞ্চল বন্যাকবলিত হলেই সেখানে পানির নিরাপত্তা নিশ্চিত রয়েছে, এমনটা ভাবার সুযোগ নেই।
অন্যদিকে, ইউনিভার্সিটি অব রিডিংয়ের জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক রিচার্ড অ্যালান বলেন, বিশ্বজুড়ে নদীর পানিপ্রবাহ ও হ্রদের জলস্তরের নজিরবিহীন পতন প্রমাণ করে, চরম আর্দ্রতা ও চরম শুষ্কতার প্রভাব এখন স্থলভাগের সামগ্রিক পানি ব্যবস্থায় স্পষ্ট হয়ে উঠেছে।
তিনি সতর্ক করে বলেন, গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমিয়ে জলবায়ুকে স্থিতিশীল করতে না পারলে ভবিষ্যতে এমন চরম পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। এর নেতিবাচক প্রভাব পড়বে প্রকৃতি ও মানুষের জীবনযাত্রায়।
গবেষকদের আশঙ্কা, পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকলে ভবিষ্যতে মানুষের জন্য কতটুকু ব্যবহারযোগ্য মিঠাপানি অবশিষ্ট থাকবে, তা নির্ধারণ করা আরও কঠিন হয়ে পড়বে। এতে বিশ্বজুড়ে খাদ্য উৎপাদন, পরিবেশ ও জনজীবনে নতুন সংকট তৈরি হতে পারে।
আ.আ.আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট 


















