হামবুর্গের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল ধরে টেনে লাল কার্ড দেখেছেন বায়ার্ন মিউনিখের অধিনায়ক জশুয়া কিমিচ। এমন আচরণের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে জার্মান এই মিডফিল্ডারকে। সাবেক জার্মান রেফারি প্যাট্রিক ইটরিখের ধারণা, অন্তত তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) বুন্দেসলিগায় হামবুর্গের মাঠে গোলশূন্য ড্র করেছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৪৪ মিনিটে হামবুর্গের খেলোয়াড় আলেক্সান্ডার রোসিং-লেলেসিটের সঙ্গে ধাক্কাধাক্কির একপর্যায়ে তার চুল ধরে টেনে মাটিতে ফেলে দেন কিমিচ। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করে কিমিচকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি বাস্তিয়ান ডানকার্ট।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষকে আঘাত করার অপরাধে ছয় সপ্তাহ থেকে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞার বিধান রয়েছে। তবে প্রতিপক্ষের উসকানিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিংবা ঘটনাটিকে লঘু আঘাত হিসেবে বিবেচনা করা হলে শাস্তি কমে তিন ম্যাচেও নেমে আসতে পারে।
স্কাই স্পোর্টস জার্মানিকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক রেফারি প্যাট্রিক ইটরিখ বলেন, কিমিচের শাস্তির মেয়াদ নির্ধারণে ম্যাচ রেফারির প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেখানে প্রতিপক্ষের উসকানির বিষয়টি উল্লেখ রয়েছে কি না, পাশাপাশি ঘটনার পর কিমিচ ক্ষমা চেয়েছেন কি না, সেসব বিষয়ও বিবেচনায় আসতে পারে। তবে তার ধারণা, অন্তত তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বায়ার্ন অধিনায়ক।
ম্যাচ শেষে নিজের আচরণের জন্য অনুতাপ প্রকাশ করেছেন কিমিচও। নিজের ভুল স্বীকার করে তিনি বলেন, ‘এটা বড় ভুল ছিল। কোনোভাবেই এর পক্ষে যুক্তি দেওয়া যায় না। এক ঘণ্টা পরও বুঝতে পারছি না, কেন এমন করেছি। এটা একেবারেই অপ্রয়োজনীয় ও খুবই বোকামি ছিল। দলের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে।’
কিমিচের সম্ভাব্য নিষেধাজ্ঞা বায়ার্নের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, ইনজুরির কারণে আগে থেকেই দলের বাইরে রয়েছেন হ্যারি কেইন, মাইকেল অলিসে, জামাল মুসিয়ালা ও সার্জ নাব্রির মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা। এমন পরিস্থিতিতে কিমিচকে কয়েক ম্যাচের জন্য হারালে দলটির মাঝমাঠ ও সামগ্রিক পারফরম্যান্সে বড় প্রভাব পড়তে পারে।
আ.আ.স্পোর্টস ডেস্ক রিপোর্ট 


















