চট্টগ্রামের রাউজানে ফেসবুকে একটি ভিডিও আপলোড করাকে কেন্দ্র করে বিরোধের জেরে মুহাম্মদ মুরাদ (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে প্রকাশ্যে ধাওয়া করে উপর্যুপরি ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। হামলাকারীর হাত থেকে বাঁচতে একের পর এক দোকানে আশ্রয় নিয়েও রক্ষা পাননি তিনি। এমনকি প্রাণভিক্ষা চেয়েও হামলাকারীর হাত থেকে রেহাই মেলেনি।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের আমির মার্কেটে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মুরাদকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার বাড়ি নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদের ছোট ভাই মোহাম্মদ মানিক (২৬) এবং একই গ্রামের মুহাম্মদ সাব্বিরের (৩২) মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি সাব্বিরকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন মানিক। শনিবার সন্ধ্যায় ওই ভিডিওর বিষয় নিয়ে মুরাদের দোকানে মানিক ও সাব্বিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক পাথর দিয়ে সাব্বিরের মাথায় আঘাত করে সেখান থেকে চলে যান।
এর কিছুক্ষণ পর ছুরি ও লোহার পাত নিয়ে মুরাদের দোকানে ফিরে আসেন সাব্বির। সেখানে গিয়ে তিনি মুরাদের কাছে তার ছোট ভাই মানিকের অবস্থান জানতে চান। একপর্যায়ে হামলার চেষ্টা করলে মুরাদ দোকান থেকে বের হয়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন। কিন্তু সাব্বির তার পিছু ছাড়েননি। প্রাণ বাঁচাতে একের পর এক দোকানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত রক্ষা পাননি মুরাদ। একপর্যায়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মাটিতে ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করেন সাব্বির।
এদিকে হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ছুরিকাঘাতের সময় সাব্বির মুরাদকে তার ভাইয়ের আপলোড করা ভিডিও মুছে ফেলতে বলেন। অন্যথায় হত্যার হুমকিও দেন। এ সময় মুরাদ প্রাণ বাঁচাতে আকুতি জানিয়ে বলেন, তিনি তার ভাইকে দিয়ে ভিডিও মুছে ফেলাবেন এবং প্রয়োজনে তাকে বিদেশে পাঠিয়ে দেবেন। কিন্তু এত কিছুর পরও হামলা থেকে রেহাই পাননি তিনি।
মুরাদের চাচা এ টি এম নাসিম উদ্দিন জানান, পারিবারিক কিছু বিষয় নিয়ে মানিকের সঙ্গে সাব্বিরের বিরোধের সূত্রপাত। পরে ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে সাব্বির আরও ক্ষুব্ধ হন। সেই ক্ষোভ থেকেই তিনি মানিককে মারতে এসেছিলেন। তাকে না পেয়ে বড় ভাই মুরাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, অভিযুক্ত সাব্বির একটি মারামারির মামলায় কারাগারে ছিলেন। সপ্তাহখানেক আগে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও এ ঘটনায় জড়িয়েছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ফেসবুকে ভিডিও আপলোডকে কেন্দ্র করে মুরাদের ছোট ভাই মানিকের সঙ্গে সাব্বিরের বিরোধ চলছিল। এর জেরেই এ ঘটনা ঘটেছে। আহত দোকানি চিকিৎসাধীন থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
চট্টগ্রাম প্রতিনিধি 

















