ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র বহনকারী এক ব্যক্তি ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে উপজেলার মধুগ্রাম সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মধুগ্রাম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি হাতে থাকা ব্যাগটি ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রস্তুত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে
।
ফেনী প্রতিনিধি 



















