জয়পুরহাটের পাঁচবিবিতে ৪৬০ জন এতিম শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ। সংস্থাটির এ মানবিক উদ্যোগে আনন্দিত শিক্ষার্থীরা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটির কাফালতভুক্ত ৪৬০ জন এতিম শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, খাতা, কলম, জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল গফুর, সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি মুস্তাফিজুর রহমান ও জয়পুরহাট শাখার সাধারণ সম্পাদক হাসান ফারুকী।
আয়োজকরা জানান, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
স্থানীয়রা জানান, এতিম শিশুদের শিক্ষা ও কল্যাণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবানদেরও অসহায় শিশুদের শিক্ষা ও সার্বিক কল্যাণে এগিয়ে আসা উচিত।
জয়পুরহাট প্রতিনিধি 



















