বিশ্বজুড়ে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা ক্রমেই বাড়ছে। বিশেষ করে তরুণ বয়সে অন্ত্র, স্তন, প্রোস্টেট, কিডনি, জরায়ু, অগ্ন্যাশয় ও যকৃতের ক্যানসার শনাক্তের হার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। খাদ্যাভ্যাসের পরিবর্তন, স্থূলতা, ধূমপান, বায়ুদূষণ ও অনিয়ন্ত্রিত জীবনযাপনকে এর সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।
ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ডের তথ্য অনুযায়ী, ইংল্যান্ডে ২০ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে অন্তত ছয় ধরনের ক্যানসারের প্রকোপ বেড়েছে। ২০০১ সালের পর থেকে ৫০ বছরের কম বয়সীদের মধ্যে প্রোস্টেট ক্যানসার শনাক্তের হার প্রায় চার গুণ বেড়েছে। একই সময়ে অন্ত্র, কিডনি ও জরায়ুর ক্যানসারের হার বেড়েছে দ্বিগুণেরও বেশি।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ক্যানসার মেডিসিনের অধ্যাপক এবং ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটের ক্লিনিক্যাল ডিরেক্টর চার্লস সোয়ানটন সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
কেন বাড়ছে তরুণদের ক্যানসার?
অধ্যাপক চার্লস সোয়ানটনের মতে, কম বয়সীদের মধ্যে ক্যানসার বৃদ্ধির পেছনে একক কোনো কারণ নেই। বরং জৈবিক পরিবর্তন, পরিবেশগত প্রভাব এবং জীবনযাপনের ধরন—সবকিছুই এর সঙ্গে জড়িত থাকতে পারে।
তিনি জানান, উন্নত চিকিৎসা ও রোগ শনাক্তকরণ প্রযুক্তির কারণে বর্তমানে আগের তুলনায় বেশি ক্যানসার রোগী শনাক্ত হচ্ছেন। পাশাপাশি দেরিতে সন্তান নেওয়া, সন্তানসংখ্যা কমে যাওয়া এবং মেয়েদের কম বয়সে ঋতুস্রাব শুরু হওয়ার মতো বিষয়গুলো স্তন ক্যানসারের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে।
এ ছাড়া স্থূলতা অন্ত্র, যকৃত ও অগ্ন্যাশয়ের ক্যানসারের অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ।
তরুণদের অন্ত্রের ক্যানসার নিয়ে উদ্বেগ
অধ্যাপক সোয়ানটন জানান, ২০০৪ সালে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরুর দিকে তিনি ৫০ বছরের কম বয়সীদের অন্ত্রের ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা নিয়ে অনুসন্ধান করেছিলেন। তখন আগের পাঁচ বছরের চিকিৎসা নথি ঘেঁটেও ৫০টির কম রোগীর তথ্য পেয়েছিলেন।
কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। এখন প্রায় প্রতি সপ্তাহেই তাঁর কাছে কম বয়সীদের অন্ত্রের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর আসছে।
তবে এ পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, কম বয়সীদের মধ্যে অন্ত্রের ক্যানসারের হার প্রতি এক লাখে চারজন থেকে বেড়ে আটজনে দাঁড়িয়েছে। অর্থাৎ হার বাড়লেও সামগ্রিকভাবে এ সংখ্যা এখনো তুলনামূলক কম।
ক্যানসার তৈরিতে প্রদাহের ভূমিকা
ক্যানসার নিয়ে সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা নতুন কিছু তথ্য পেয়েছেন। আগে ধারণা করা হতো, কোষের ডিএনএতে জিনগত পরিবর্তন বা মিউটেশন হলেই ক্যানসার তৈরি হয়। কিন্তু গবেষণায় দেখা গেছে, সুস্থ মানুষের শরীরেও ক্যানসার সৃষ্টির সঙ্গে সম্পর্কিত জিনগত পরিবর্তনযুক্ত অসংখ্য কোষ থাকতে পারে। তবে সব কোষ থেকেই টিউমার তৈরি হয় না।
বিশেষজ্ঞদের ধারণা, শরীরের দীর্ঘমেয়াদি প্রদাহ বা ইনফ্লামেশন এসব কোষকে সক্রিয় করে ক্যানসার তৈরিতে ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে বায়ুদূষণও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
২০২৩ সালে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, বায়ুদূষণ ফুসফুসের টিস্যুতে প্রদাহ সৃষ্টি করে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে যেসব কোষে আগে থেকেই জিনগত পরিবর্তন রয়েছে, সেগুলোতে এর প্রভাব বেশি হতে পারে।
অস্বাস্থ্যকর জীবনযাপনও বাড়াচ্ছে ঝুঁকি
বায়ুদূষণের পাশাপাশি দৈনন্দিন জীবনযাপনও ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। অতিরিক্ত ওজন, ধূমপান, নিয়মিত মদ্যপান এবং অতিপ্রক্রিয়াজাত খাবার গ্রহণ শরীরে দীর্ঘমেয়াদি প্রদাহ সৃষ্টি করতে পারে।
২০২৫ সালে ‘নেচার’-এ প্রকাশিত আরেক গবেষণায় দেখা গেছে, শৈশবে ই-কোলাই ব্যাকটেরিয়ার বিশেষ কিছু বিষাক্ত উপাদানের সংস্পর্শে এলে ডিএনএ ক্ষতিগ্রস্ত হতে পারে। ৪০ বছরের কম বয়সী অন্ত্রের ক্যানসার রোগীদের মধ্যে এ ধরনের ক্ষতির চিহ্ন ৭০ বছরের বেশি বয়সী রোগীদের তুলনায় তিন গুণ বেশি পাওয়া গেছে।
এ ছাড়া প্রায় ২৯ হাজার নারীর ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, যারা বেশি পরিমাণে অতিপ্রক্রিয়াজাত খাবার গ্রহণ করেন, তাদের অন্ত্রে পলিপ বা টিউমার হওয়ার ঝুঁকি ৪৫ শতাংশ বেশি।
ক্যানসার রিসার্চ ইউকের তথ্যেও প্রজন্মগত পরিবর্তনের বিষয়টি উঠে এসেছে। আশি ও নব্বইয়ের দশকে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে আগের প্রজন্মের তুলনায় কম বয়সে অন্ত্রের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি দেখা যাচ্ছে।
ক্যানসারের ঝুঁকি কমাতে বিশেষজ্ঞদের ৫ পরামর্শ
অধ্যাপক চার্লস সোয়ানটন ক্যানসারের ঝুঁকি কমাতে দৈনন্দিন জীবনে পাঁচটি অভ্যাস অনুসরণের পরামর্শ দিয়েছেন।
১. ধূমপান ও ভ্যাপিং পরিহার: ধূমপান সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। পাশাপাশি ই-সিগারেট বা ভ্যাপিং থেকেও দূরে থাকতে হবে।
২. মদ্যপান থেকে বিরত থাকা: অ্যালকোহল অন্ত্র, স্তন ও যকৃতের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তাই মদ্যপান এড়িয়ে চলা সবচেয়ে ভালো।
৩. সুষম খাবার গ্রহণ: প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, ফলমূল, আঁশযুক্ত খাবার ও পুষ্টিকর উপাদান রাখতে হবে। অতিপ্রক্রিয়াজাত খাবার কম খেতে হবে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।
৪. নিয়মিত শরীরচর্চা: হাঁটাহাঁটি, খেলাধুলা কিংবা পছন্দের যেকোনো ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত শারীরিক পরিশ্রম ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং সুস্থ থাকতে সাহায্য করে।
৫. পর্যাপ্ত ঘুম: শরীর ও মন সুস্থ রাখতে নিয়মিত পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যকর দৈনন্দিন রুটিন অনুসরণ করতে হবে।
সচেতনতাই হতে পারে প্রতিরোধের প্রথম পদক্ষেপ
বিশেষজ্ঞদের মতে, কম বয়সে ক্যানসার আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধির পেছনে ঠিক কোন কারণটি সবচেয়ে বেশি দায়ী, তা এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন।
তবে ধূমপান পরিহার, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, ওজন নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ঘুমের মতো অভ্যাস ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
মনে রাখতে হবে, ক্যানসার শুধু বয়স্কদের রোগ নয়। অস্বাভাবিক শারীরিক পরিবর্তন, দীর্ঘদিনের পেটের সমস্যা, মলে রক্ত, অকারণে ওজন কমে যাওয়া কিংবা শরীরে অস্বাভাবিক চাকা দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বয়স কম হলেও এসব লক্ষণ গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
আ.আ.আন্তর্জাতিক ডেস্ক 


















