দেশের পুরোনো বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এ লক্ষ্যে নতুন নীতিমালার খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, সরকারিকরণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। পাশাপাশি নিজস্ব জমি, খেলার মাঠ, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব ও সমৃদ্ধ গ্রন্থাগার থাকার শর্ত রাখা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ নীতিমালা-২০২৬’ শীর্ষক এ খসড়া প্রণয়ন করেছে। এতে সরকারিকরণের ক্ষেত্রে দুর্গম, দরিদ্র, অনগ্রসর ও শিক্ষায় পিছিয়ে থাকা এলাকার প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
সরকারিকরণের জন্য লাগবে ২৫ বছরের অভিজ্ঞতা
খসড়া নীতিমালায় বলা হয়েছে, জনস্বার্থে সরকার যেকোনো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করতে পারবে। তবে সাধারণ নিয়মে সরকারিকরণের জন্য প্রতিষ্ঠানের বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। অর্থাৎ ২৫ বছরের কম বয়সী প্রতিষ্ঠান সাধারণত এ প্রক্রিয়ার জন্য যোগ্য বিবেচিত হবে না।
এ ছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানা ও দখলে পর্যাপ্ত জমি থাকতে হবে। জমিটি হতে হবে শর্তমুক্ত, অখণ্ড ও নিষ্কণ্টক। পাশাপাশি খেলার মাঠের ব্যবস্থাও থাকতে হবে। তবে জমির নির্দিষ্ট পরিমাণ কত একর হতে হবে, তা খসড়ায় উল্লেখ করা হয়নি।
সরকারি কোনো সংস্থার মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা থেকে প্রতিষ্ঠানের নামে জমি বরাদ্দের লিখিত প্রমাণ থাকতে হবে। বরাদ্দ করা জমি শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।
শ্রেণিকক্ষ, ল্যাব ও অবকাঠামো থাকতে হবে
সরকারিকরণের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবিত নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠানে পর্যাপ্ত শ্রেণিকক্ষ, সুপেয় পানির ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত শৌচাগার থাকতে হবে।
এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ভবনে র্যাম্প নির্মাণের শর্ত রাখা হয়েছে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য মানসম্মত বিজ্ঞানাগার এবং প্রয়োজনীয় কম্পিউটারসহ অন্তত একটি স্বতন্ত্র আইসিটি বা কম্পিউটার ল্যাব থাকতে হবে।
বিদ্যালয়ে ৩ হাজার, কলেজে ১০ হাজার বইয়ের শর্ত
প্রস্তাবিত নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারের জন্যও নির্দিষ্টসংখ্যক বই রাখার শর্ত দেওয়া হয়েছে।
খসড়া অনুযায়ী—
নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কমপক্ষে ৩ হাজার বই থাকতে হবে।
উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কমপক্ষে ৫ হাজার বই থাকতে হবে।
উচ্চমাধ্যমিক ও স্নাতক কলেজে কমপক্ষে ১০ হাজার বই থাকতে হবে।
অর্থাৎ প্রতিষ্ঠানের শিক্ষার স্তর অনুযায়ী গ্রন্থাগারে নির্ধারিত সংখ্যক বই থাকা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।
শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় যেসব শর্ত
খসড়ায় শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যার বিষয়ে আলাদা করে নির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারণ করা হয়নি। এ ক্ষেত্রে ২০২৫ সালের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা এবং ২০২২ সালের শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি নীতিমালা (সংশোধিত ২০২৩) অনুসরণ করতে হবে।
পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রয়োজনীয়সংখ্যক বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও প্রদর্শক থাকতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে তাঁদের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধনধারী এবং নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হতে হবে।
সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব
শুধু অবকাঠামো বা পরীক্ষার ফল নয়, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রমকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, খেলাধুলা, সাঁতার, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, বৃক্ষরোপণ, স্কাউটিং, গার্লস গাইড, বিএনসিসি, ভাষা ক্লাব, কারিগরি শিক্ষা এবং কম্পিউটার শিক্ষার মতো কার্যক্রম চালু রাখার প্রস্তাব করা হয়েছে।
পিছিয়ে পড়া এলাকার প্রতিষ্ঠান পাবে অগ্রাধিকার
সরকারিকরণের ক্ষেত্রে সব প্রতিষ্ঠানকে সমানভাবে বিবেচনা করা হবে না। খসড়া নীতিমালায় আর্থসামাজিকভাবে অনগ্রসর, দরিদ্র, দুর্গম এবং শিক্ষার হার কম—এমন এলাকার প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
এ ছাড়া পুরোনো ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রস্তাব রয়েছে। সংশ্লিষ্ট এলাকার গত পাঁচ বছরের শিক্ষার্থীসংখ্যা এবং পাবলিক পরীক্ষার ফলাফলও বিবেচনায় নেওয়া হবে।
সরকারিকরণের চূড়ান্ত অনুমোদন যেভাবে
খসড়া নীতিমালা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান সরকারিকরণের জন্য বিবেচিত হলে প্রথমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে প্রতিষ্ঠানটির সম্ভাব্যতা যাচাই করা হবে।
এরপর সরকারপ্রধানের নীতিগত অনুমোদন নিতে হবে। চূড়ান্ত অনুমোদনের আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতিও প্রয়োজন হবে।
তবে বিশেষ বিবেচনায় সরকার যেকোনো শর্ত শিথিল করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করতে পারবে—এমন বিধান রাখার প্রস্তাবও করা হয়েছে। নীতিমালার কোনো বিষয়ে ব্যাখ্যা বা স্পষ্টীকরণের প্রয়োজন হলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
সরকারিকরণের পর সম্পত্তির মালিক হবে সরকার
খসড়া অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করা হলে প্রতিষ্ঠানটির সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি সরকারের অনুকূলে হস্তান্তরিত হয়েছে বলে গণ্য হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের জনবল ও সম্পদ সরকার গ্রহণ ও পরিচালনা করবে।
এ ক্ষেত্রে ২০২৫ সালের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা এবং সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী বৈধভাবে নিয়োগপ্রাপ্ত ও কর্মরত শিক্ষক-কর্মচারীদের জনবল হিসেবে বিবেচনা করা হবে।
যা বলছে মাউশি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ঢাকা পোস্টকে বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট ও অভিন্ন কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। খসড়াটি চূড়ান্ত হওয়ার আগে শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তারা পর্যালোচনা করবেন। প্রয়োজনে নতুন শর্ত যুক্ত করা বা বিদ্যমান শর্ত পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করা হবে।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ কারণে প্রতিষ্ঠানের বয়স, অবকাঠামো, শিক্ষার পরিবেশ, শিক্ষক নিয়োগের বৈধতা, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, সহশিক্ষা কার্যক্রম এবং এলাকার শিক্ষাগত প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়েছে।
মাউশির মহাপরিচালক আরও জানান, নীতিমালাটি চূড়ান্ত হওয়ার পর সরকারিকরণের দায়িত্ব মাউশিকে দেওয়া হলে নির্ধারিত শর্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যোগ্যতা ও সম্ভাব্যতা যাচাই করা হবে।
আ.আ. নিউজ ডেস্ক 


















