নওগাঁর মহাদেবপুরে একটি ধানক্ষেত থেকে এরশাদ আলী (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার খাজুর-বাগডোব পাকা সড়কের লক্ষ্মীপুর (জোতকানু) মোড়ের দক্ষিণ পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত এরশাদ আলী মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরি গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয় কৃষকরা ধান কাটতে গিয়ে ধানক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সকাল সাড়ে ৯টার দিকে সফাপুর ইউনিয়নের কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। পরে জানা যায়, মরদেহটি নিখোঁজ এরশাদ আলীর।
নিহতের ভাস্তি জামাই হাফেজ মো. ইউসুফ আলী জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে মায়ের জন্য ওষুধ আনার কথা বলে বাড়ি থেকে জিগাতলা বাজারের উদ্দেশে বের হন এরশাদ আলী। এরপর রাত পেরিয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি 


















