রাজশাহীর বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে মো. খোরশেদ আলম নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) নৌ পুলিশ, থানা পুলিশ, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা।
অভিযানকালে উপজেলার লক্ষ্মীনগর বালুমহাল, চকরাজাপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় টহল দেওয়া হয়। এ সময় চকরাজাপুরের কাছাকাছি একটি স্থানে ড্রেজার দিয়ে নির্ধারিত বালুমহালের বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মো. খোরশেদ আলমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে অর্থদণ্ড দেওয়া হয়।
বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মো. খোরশেদ আলমকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা এবং সরকারি সম্পদ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি 


















