ফরিদপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন করেছেন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা, ফরিদপুর শহর, নগরকান্দাসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের উপস্থিতি দেখা যায়।
জানা গেছে, জেলার বিভিন্ন সংসদীয় আসনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেন। এ সময় কোথাও মোটরসাইকেল নিয়ে শোডাউন করতে দেখা যায়, আবার কোথাও গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অবস্থান নিয়ে পাহারা দেন দলীয় নেতাকর্মীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই তারা মাঠে রয়েছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান দলটির স্থানীয় নেতারা।
তবে রাজনৈতিক দলটির নেতাকর্মীদের এমন অবস্থান কর্মসূচির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার কোথাও সংঘর্ষ বা বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ফরিদপুর প্রতিনিধি 


















