নওগাঁর আত্রাই উপজেলার পতিসর-সমসপাড়া পাকা সড়কের বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটির কার্পেটিং উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। ৯ কিলোমিটার দীর্ঘ সড়কের মধ্যে মাত্র এক কিলোমিটার অংশেই প্রায় ৩২০টি গর্তের সৃষ্টি হয়েছে। গত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে সড়কটির এমন বেহাল অবস্থার সৃষ্টি হলেও এখন পর্যন্ত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন এ সড়কে চলাচলকারী পথচারী, যানবাহনের চালক ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে পতিসর থেকে হিঙ্গলকান্দি, বড়সাওতা হয়ে সমসপাড়া হাট ও আত্রাইয়ের গুড়নদীর পারঘাট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়কটি পাকা করা হয়। সড়কটি নির্মাণের পর কার্পেটিং উঠে গেলে ২০১৬-১৭ অর্থবছরে সংস্কার করা হয়েছিল। কিন্তু এরপর দীর্ঘ ৯ বছরেও সড়কটির আর কোনো সংস্কার করা হয়নি। ফলে গত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে সড়কের বিভিন্ন স্থানের পাকা অংশ উঠে গিয়ে মাটি বের হয়ে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, হিঙ্গলকান্দি বাজার থেকে জগন্নাথপুর গ্রামের কাছাকাছি প্রায় এক কিলোমিটার সড়কে ছোট-বড় মিলিয়ে প্রায় ৩২০টি গর্ত রয়েছে। এসব গর্তের কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক সময় ভাঙা অংশ পার হতে যাত্রীদের গাড়ি থেকে নেমে যেতে হচ্ছে। এতে বিশেষ করে গর্ভবতী নারী, শিক্ষার্থী ও কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
এ সড়ক দিয়ে সমসপাড়া, বড়সাওতা, মাঝগ্রাম, জগন্নাথপুর, হিঙ্গলকান্দি, পতিসর, লালপাড়া, মনিয়ারী ও মস্কিপুরসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সড়কটি এলাকার যোগাযোগব্যবস্থার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয় ভ্যানচালক আরিফুল ইসলাম জানান, সড়কটি ভেঙে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় খুব অল্প পরিমাণ মালামাল নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া সড়কের বেহাল অবস্থার কারণে ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশ প্রায়ই ভেঙে যাচ্ছে। এমনকি সড়কটির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনাও ঘটছে।
পতিসর রবীন্দ্রস্মৃতি সংগ্রহশালার প্রতিষ্ঠাতা এম. মতিউর রহমান মামুন বলেন, এ সড়ক দিয়ে বিভিন্ন এলাকার মানুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পতিসর কাছারিবাড়ি দেখতে আসেন। এছাড়া এ সড়ক দিয়ে এলাকার অন্যতম বড় সমসপাড়া হাটে যাতায়াত করতে হয়। সমসপাড়া নদী পার হয়ে নাটোরের সিংড়া ও আত্রাই উপজেলা সদরে যাতায়াতের ক্ষেত্রেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দর্শনার্থীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বড়সাওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউন্নবী জানান, সড়কটির বেহাল অবস্থার কারণে সামান্য বৃষ্টি হলেই যানবাহন চলাচল কমে যায়। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে সমস্যা হয় এবং উপস্থিতিও কমে যায়।
বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁন তোফা জানান, সড়কটির এমন করুণ অবস্থার কথা উল্লেখ করে উপজেলা এলজিইডি কার্যালয়ে লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এলাকার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে আত্রাই উপজেলা এলজিইডির প্রকৌশলী নিতীশ কুমার জানান, সড়কটি মেরামত ও পুনর্নির্মাণের জন্য প্রাক্কলন (এস্টিমেট) তৈরি করে জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দরপত্র আহ্বান করা হবে। আশা করা হচ্ছে, দ্রুতই এ প্রক্রিয়া শেষ করে সড়কটির সংস্কারকাজ শুরু করা সম্ভব হবে।
নিজস্ব প্রতিবেদক 


















