বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের হেড়মা বাজার থেকে দেবরাজ নতুন বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা সড়ক। সামান্য বৃষ্টি হলেই সড়কজুড়ে সৃষ্টি হয় হাঁটুপানিসম কাদা। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে পুরো রাস্তা। বছরের পর বছর ধরে এমন দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার প্রায় ৩০ হাজার মানুষ। দীর্ঘ ৩১ বছরেও সড়কটি পাকা না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে বেড়িবাঁধ নির্মাণের পর থেকে সড়কটির উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়।
স্থানীয়দের ভাষ্য, আষাঢ় থেকে আশ্বিন বর্ষার এই চার মাস সড়কটি দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে বের হলেও মাঝপথে আটকে যেতে হয়। গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। অন্যদিকে, কাঁচামাল ও প্রয়োজনীয় পণ্য পরিবহন করতে না পারায় ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায়, হেড়মা বাজার থেকে দেবরাজ নতুন বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত। কোথাও জমে আছে হাঁটুপানিসম কাদা। সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কেউ জুতা হাতে নিয়ে, আবার কেউ কাদা মাড়িয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন শিক্ষার্থী, নারী, শিশু ও অসুস্থ রোগীরা।
স্থানীয়দের দাবি, বিকল্প একটি রাস্তা থাকলেও সেটির অবস্থাও অত্যন্ত নাজুক। ভাঙাচোরা ওই পথ দিয়ে প্রায় তিন কিলোমিটার যেতে হেঁটে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। ফলে বাধ্য হয়েই দুর্ভোগ মাথায় নিয়ে মূল সড়কটি ব্যবহার করতে হচ্ছে হাজারো মানুষকে।
ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ি প্রধান সুবহান বলেন, ১৯৯৫ সালে বেড়িবাঁধ নির্মাণের পর থেকে এ সড়কের কোনো উন্নয়ন হয়নি। বর্ষার চার মাস ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে পারে না। চালকদের আয়-রোজগার বন্ধ হয়ে যায়। অসুস্থ রোগী ও গর্ভবতী মায়েদের নিয়ে যাতায়াত করতে গিয়ে অনেক সময় বিপদে পড়তে হয়। সরকারের কাছে আমাদের দাবি, হেড়মা বাজার থেকে দেবরাজ বাজার হয়ে পঞ্চকরণ নতুন বাজার পর্যন্ত সড়কটি দ্রুত পাকা করা হোক।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহানুর বলে, বৃষ্টি হলে রাস্তা কাদায় ভরে যায়। তখন ঠিকমতো স্কুলে যেতে পারি না। যাওয়ার পথে পড়ে গিয়ে জামাকাপড়, ব্যাগ ও বই-খাতা নষ্ট হয়। আমাদের স্কুলে প্রায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী রয়েছে। আমরা চাই, দ্রুত রাস্তাটি ঠিক করে দেওয়া হোক।
ঢাকায় বসবাসকারী স্থানীয় বাসিন্দা অজিয়ার রহমান বলেন, মাঝেমধ্যে বাড়িতে আসি। এলাকার রাস্তাঘাটের অবস্থা দেখলে খুব কষ্ট হয়। একটু বৃষ্টি হলেই হাঁটুপানিসম কাদা জমে। শিশুরা স্কুলে যেতে পারে না। এলাকার মানুষ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকার উদ্যোগ নিলে এই দুর্ভোগ কমানো সম্ভব।
ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আলী হাসান জুমাদ্দার বলেন, হেড়মা থেকে দেবরাজ নতুন বাজার পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ। এ পথে বাজার, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। বর্ষা এলে মানুষ ঘর থেকে বের হতে পারে না। বাজারে কাঁচামালসহ প্রয়োজনীয় পণ্য আনা-নেওয়াও কঠিন হয়ে পড়ে। জনস্বার্থে সড়কটি দ্রুত পাকা করা প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা জালাল বলেন, বেড়িবাঁধ নির্মাণের পর থেকে রাস্তাটিতে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। একটু বৃষ্টি হলেই চলাচল বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীরা বাজারে কাঁচামাল নিয়ে আসতে পারেন না। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে আমরা অবহেলিত। দ্রুত সড়কটি সংস্কার ও পাকা করার দাবি জানাচ্ছি।
৭০ বছর বয়সী বৃদ্ধা তরফদার শেখ বলেন, এই রাস্তাটি আমাদের খুবই প্রয়োজন। অথচ বর্তমানে মাটির রাস্তাটি দিয়ে চলাচল করা যায় না। হাঁটুপানিসম কাদা মাড়িয়ে প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে যাতায়াত করতে হয়। বাজার করতে গেলেও এই পথ ব্যবহার করতে হয়। জীবনের শেষ বয়সে আমার একটাই চাওয়া, রাস্তাটি পাকা হওয়া দেখে যেতে চাই। অনেকেই এসে আশ্বাস দেন, কিন্তু বছরের পর বছর পার হলেও কাজ হয় না।
তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছরেও হেড়মা থেকে দেবরাজ পর্যন্ত সড়কে কোনো কাজ হয়নি। এখানকার মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। কোনো রোগী অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার মতো ভালো রাস্তা নেই। সড়কটি নির্মাণের জন্য একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকৌশলীর কাছে আবেদন জানিয়েছি। দুঃখজনক বিষয় হলো, রাস্তাটির বিল পাস হয়েছে বলে জেনেছি, কিন্তু এখনো কাজ শুরু হয়নি। প্রতিদিন কয়েক হাজার মানুষ এ সড়ক দিয়ে চলাচল করেন। দ্রুত কাজ শুরুর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুর রশিদ বলেন, সড়কটির বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়কটির বর্তমান অবস্থা ও উন্নয়ন প্রকল্পের বিষয়টি যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়ন না হওয়ায় শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রায় ৩০ হাজার মানুষের চলাচলের অন্যতম প্রধান এই সড়কটি বছরের পর বছর অবহেলিত পড়ে রয়েছে। তাই বর্ষা মৌসুমে সাময়িক মেরামত নয়, হেড়মা বাজার থেকে দেবরাজ বাজার হয়ে পঞ্চকরণ নতুন বাজার পর্যন্ত পুরো সড়কটি টেকসইভাবে পাকা করার দাবি জানিয়েছেন তারা। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন কয়েকটি গ্রামের মানুষ।
মোড়লগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি 


















