নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছবেদুল ইসলাম রনিকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ। তার বিরুদ্ধে ১১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে তিনটি সাজাপ্রাপ্ত পরোয়ানা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যরাতে পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের পরিকল্পনা ও নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ দল ঢাকা জেলার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ছবেদুল ইসলাম রনি পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার বিরুদ্ধে পত্নীতলা থানা ও নওগাঁ সদর থানায় মোট ১১টি ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে তিনটি সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট। এসব ওয়ারেন্টের কারণে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
অবশেষে পুলিশের বিশেষ অভিযানে ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে পত্নীতলা এলাকার বেশ কয়েকজনের মধ্যে স্বস্তি ও উল্লাস দেখা দেয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 


















