বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর পাওয়া গেছে ১৯৪। এ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
আইকিউএয়ারের তালিকায় ২২৭ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে প্রথম অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। একই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা।
এ ছাড়া ১৬৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে চীনের বেইজিং এবং ১৬১ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে মিশরের কায়রো।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মান পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক দূষণের মাত্রা প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
সে হিসাবে ঢাকার বর্তমান বায়ুমান ১৯৪ হওয়ায় নগরবাসীর জন্য তা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের এ সময় বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
বায়ুদূষণের এমন পরিস্থিতিতে রাজধানীর পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নগরবাসীর সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আ.আ.ডেস্ক রিপোর্ট 


















