নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের হাতিয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ দুই যুগ পর পুনরায় চালু হয়েছে চিকিৎসাসেবা। জরাজীর্ণ ভবন, বিদ্যুৎ ও পানির সংকটসহ নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুর নির্দেশনায় স্বাস্থ্যকেন্দ্রটির চিকিৎসা কার্যক্রম আবারও শুরু করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার হাতিয়াপাড়া গ্রামে অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রটির চিকিৎসাসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় দুই যুগ আগে বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের যৌথ পরিকল্পনায় তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ স্বাস্থ্যকেন্দ্রের ভবন নির্মাণ করা হয়। তবে অজ্ঞাত কারণে দীর্ঘদিন ধরে এর কার্যক্রম বন্ধ ছিল। ফলে হাতিয়াপাড়া ও আশপাশের গ্রামের মানুষ প্রাথমিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে আসছিলেন।
বর্তমান সরকারের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুর দিকনির্দেশনায় স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। এর মধ্য দিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথ সুগম হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খায়রুল আলম।
তিনি বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও সংসদ সদস্যের বিশেষ নির্দেশনায় সাময়িকভাবে এখানে চিকিৎসাসেবা প্রদান শুরু করা হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের ভবনসহ বিদ্যুৎ, পানি ও পরিচ্ছন্নতার বেশ কিছু সমস্যা রয়েছে। এসব বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে অবহিত করে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় দ্রুত সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক। তিনি বলেন, সরকারের সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁরা সহযোগিতা করতে প্রস্তুত। গ্রামবাসীসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্যকেন্দ্রটিতে একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে চান। সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
যুবনেতা বায়জিদ হোসেন নসিব বলেন, সংসদ সদস্যের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাতিয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তর করতে তাঁরা কাজ করতে চান। এ জন্য সংশ্লিষ্ট সব মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সিনিয়র সহসভাপতি জিল্লুর রহমান, আমির হোসেন, খাজা নাজিমুদ্দিন, আনিছুর রহমান, আব্দুল লতিফ, জুয়েল ও খোকনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালু হওয়ায় শাহাগোলা ইউনিয়নসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ উপকৃত হবেন। এখন থেকে স্থানীয় বাসিন্দারা হাতের কাছেই প্রাথমিক চিকিৎসাসেবা পাবেন। এতে দূর-দূরান্তে গিয়ে চিকিৎসা নেওয়ার ভোগান্তি ও সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
দীর্ঘ দুই যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে হাতিয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা পুনরায় চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 


















