জয়পুরহাটের পাঁচবিবিতে ৫৮ বোতল ভারতীয় ফেয়ারডিল ও একটি মোটরসাইকেলসহ মো. মনিরুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তিন রাস্তার মোড়ের দরগা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবিব, পিএসসির নির্দেশনায় কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৭৮/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়।
আটক মনিরুল ইসলাম পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের মো. মোফাজ্জেল হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ করা মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তাঁকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি বদ্ধপরিকর।
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি 


















