রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
সোমবার (১৬ নভেম্বর) রাত ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-৫ রাজশাহীর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটি সিটিহাট বাইপাস এলাকায় পৌঁছালে চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের মালামাল রাখার বক্সে একটি ফলের কার্টনের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়।
বাসের যাত্রীদের ভাষ্যমতে, চেকপোস্টের খবর পেয়ে বাসটি সেখানে পৌঁছানোর আগেই সন্দেহভাজন এক যাত্রী কৌশলে পালিয়ে যান। বাসের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এসআরবি জানায়, পলাতক ওই যাত্রীর পরিচয় শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধার করা অস্ত্র, গুলি ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক রাজশাহী 


















